ডার্ক ওয়েবে বিএসএনএলের ৩০ লাখ গ্রাহক তথ্য

২৫ ডিসেম্বর, ২০২৩ ১৯:৫৫  

ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের খারাপ সময় কাটছেই না। বিগত এক দশক ধরে এই অপারেটরটি বাজারে নিজের জনপ্রিয়তা ফিরে পেতে এবং লাভের মুখ দেখতে একের পর এক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাতে তাদের বিপদ খুব একটা কাটেনি। কারণ ফাইভজির জমানাতেও বিএসএনএল নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশে অনেকটা পিছিয়ে আছে। তবে সাম্প্রতিক এক খবর অপারেটরটির গ্রাহকদের ঝুঁকিতে ফেলেছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, লাখ লাখ বিএসএনএল ইন্টারনেট এবং ল্যান্ডলাইন ব্যবহারকারীদের ডেটা চুরি করে হ্যাকাররা ডার্ক ওয়েবে বিক্রি করছে। এই হ্যাকার গ্রুপ ‘পেরেল’ নামে পরিচিত।

জানা গেছে, পেরেল নামের হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবে টেলিকম কোম্পানিটি থেকে চুরি করা ডেটার একটি অংশ ফাঁস করেছে, আর ওই ডেটাসেটে ইমেইল অ্যাড্রেস, বিলিং ডিটেইলস, কন্ট্যাক্ট নম্বর থেকে শুরু করে বিএসএনএল ফাইবার এবং ল্যান্ডলাইন ব্যবহারকারীদের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিগত সংবেদনশীল ডেটা অন্তর্ভুক্ত রয়েছে। অনুমান করা হচ্ছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে মোবাইল পরিষেবা বিভ্রাটের রেকর্ড, নেটওয়ার্ক বিবরণের মতো কাস্টমার ডেটা রয়েছে।

বিষয়টির সাথে সম্পর্কিত একটি সূত্র এর গুরুত্ব তুলে ধরেছে এবং জোর দিয়েছে যে এই কেলেঙ্কারিটি বিএসএনএল গ্রাহকদের গোপনীয়তা, নিরাপত্তার জন্য একটি বড় সমস্যা তৈরি করেছে। তাদের মতে, হ্যাকারের ফাঁস করা ডেটাতে প্রায় ৩২,০০০ লাইনের তথ্য রয়েছে – তবে হ্যাকাররা দাবি করেছে যে, তারা সমস্ত ডেটাবেস থেকে প্রায় ২.৯ মিলিয়ন (২৯ লাখ) লাইনের ডেটা সংগ্রহ করেছে যার মধ্যে বিএসএনএল গ্রাহকদের জেলাভিত্তিক তথ্যও রয়েছে।

ডিবিটেক/বিএমটি